ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই সাংবাদিককে মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে বিক্ষোভ সভা করেছে সাংবাদিক ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া (সরাইল ইউনিট)।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় সরাইল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া (সরাইল ইউনিট)-এর সভাপতি মো. আবেদুর আর শাহীন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম।
সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. সামসুল আরেফিন।
এ সময় বক্তব্য দেন সরাইল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মো. মুখলেছুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন এবং সিনিয়র সাংবাদিক অহিদুজ্জামান লস্কর অপুসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
বক্তারা সাংবাদিক ইউনিয়নের কার্যকরী সদস্য ও দৈনিক আমার দেশের বিজয়নগর প্রতিনিধি মো. শাহগীর মৃধা এবং সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়াকে মিথ্যা অভিযোগে মামলার আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দুই সাংবাদিকের নাম মামলা থেকে প্রত্যাহার করে নিঃশর্ত অব্যাহতি দেওয়ার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের হয়রানিমূলক মামলায় জড়ানোর প্রবণতা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন