পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, মসজিদ এবং সাধারণ মানুষের মাঝে দিনব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে পিকআপ ভ্যান ও অন্যান্য যানবাহনের মাধ্যমে বিভিন্ন স্থানে গাছের চারা পৌঁছে দিয়ে এ কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচির আওতায় ময়দানহাটা মোশাররফ হোসেন কলেজ, আলিয়ারহাট রোকেয়া সাত্তার উচ্চ বিদ্যালয়, বেতগাড়ী মিরবাড়ী এতিমখানা ও মসজিদ, আমতলী মডেল একাডেমি অ্যান্ড স্কুল, ময়দানহাটা মাদ্রাসা ও এতিমখানা, আমতলী আল-ফুরকান একাডেমি এবং বেতগাড়ী হাজীপাড়া মসজিদসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকার সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নাছিমুল গনি, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মুহাম্মদ তাহাজ্জত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক, সমাজসেবা সম্পাদক মোফাচ্ছের আলী, নির্বাহী সদস্য ইস্রাফিল, আকাশ-জমিন পত্রিকার সম্পাদক মীর লিয়াকত আলী, ময়দানহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুল আলম মানিক, মাছুদার রহমান হেলাল, আব্দুল আজিজ, আশরাফুল হক ডনি, মেহেদুল ইসলাম, রাশেদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোকসেদুর রহমান, আব্দুল লতিফ মণ্ডল ও সাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের শিক্ষক, ইমাম, শিক্ষার্থী এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “একটি গাছ, একটি প্রাণ-গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করার আহ্বান জানান তারা।
শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা জানায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, মানবকল্যাণ ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন