পোরশায় পুলিশ বক্সের উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৪৯ পিএম
পোরশায় পুলিশ বক্সের উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি মোড় হতে গোমস্তাপুর আড্ডা সড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে একটি নতুন পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকাল ৫টায় সারাইগাছি-আড্ডা রোডের বারিন্দা মোড়ে সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় এবং ফলক উন্মোচনের মাধ্যমে এই পুলিশ বক্সের শুভ উদ্বোধন করেন ৪৬ নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। পরে পুলিশ বক্স প্রাঙ্গণে তিনটি ফলজ ও মালটার গাছ রোপণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়কে দীর্ঘদিন ধরে গাছ কেটে ডাকাতি ও মাদক চোরাকারবারসহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়ে আসছিল। পরবর্তীতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় স্থানীয় জনগণের সহযোগিতা ও প্রশাসনের কঠোর পদক্ষেপের কারণে বর্তমানে এই রাস্তায় রাতের অন্ধকারেও নিরাপদে গাড়ি চলাচল করতে পারছে।

সড়কটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ উদ্যোগে এই পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন বাবু, আব্দুল গনিসহ স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জেএইচআর