শেরপুরের নকলা উপজেলার নিউ মার্কেটে নগদবিহীন (ক্যাশলেস) লেনদেন জনপ্রিয় করতে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) নিউ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংক শেরপুর শহর শাখার প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক নকলা উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
এ সময় পূবালী ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এক দেশ, এক কিউআর-লেনদেন বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে সহজ, নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা জানান, বাংলা কিউআরের মাধ্যমে ক্রেতারা একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং লেনদেন হবে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ।
ক্যাম্পেইনের আওতায় স্থানীয় ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করা, কিউআর নিবন্ধন কার্যক্রম পরিচালনা এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন