পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে রোববার (২৬ জুলাই) সকালে লংগদু সরকারি মডেল কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। এ কর্মসূচির আওতায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৯ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, “আজকের একটি চারা আগামী দিনের একটি পরিণত বৃক্ষ। একটি বৃক্ষ মানেই নির্মল বাতাস, নিরাপদ পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ। তাই প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও যথাযথ পরিচর্যা করে, তবে দেশব্যাপী ইতিবাচক পরিবেশগত পরিবর্তন সম্ভব।”
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেম বিকশিত হয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রাপ্ত চারাগুলো নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন। সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন