১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭৩ কোটি ডলার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১০:৪৮ পিএম
১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭৩ কোটি ডলার

দেশে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি জুন মাসের প্রথম ১৬ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২১ হাজার ২২৩ কোটি ৪৭ লাখ টাকা।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, জুনের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত সময়ে প্রবাসীরা মোট ১৭২ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। 

গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৬৩ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে জুনের ১৬ তারিখ পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৪৪৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, আগের অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ২ হাজার ৯১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে ১৮ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু জুনের ১৬ তারিখেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

খাতসংশ্লিষ্টদের মতে, বৈধ পথে অর্থ পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা, ডলারের বাজারভিত্তিক রেট এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি প্রবাসীদের আস্থা বৃদ্ধির ফলে রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।

অর্থবছরের শেষ মাসেও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও মজবুত হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

এম জি