যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো স্বর্ণের দাম কমেছে। সুদের হার বাড়ার প্রত্যাশায় সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের ওপর বিক্রির চাপ বেড়েছে।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় বেলা ২টা ৪৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ৩ হাজার ৯৭৪ দশমিক ৭৫ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮৭ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়।
বার্তা সংস্থা রয়টার্সকে সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংক ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্তাউনুভো বলেন, ফেড কর্মকর্তা বেথ হ্যামাকের সাম্প্রতিক মন্তব্যের পর বাজারে সুদের হার আরও বাড়তে পারে-এমন প্রত্যাশা তৈরি হয়েছে, যা স্বর্ণের দামে চাপ সৃষ্টি করেছে।
গত মঙ্গলবার (৩০ জুন) ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ক্লিভল্যান্ডের প্রেসিডেন্ট বেথ হ্যামাক বলেন, মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকলে তিনি সুদের হার আরও বাড়ানোর পক্ষে মত দিতে পারেন।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের মধ্যে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে প্রায় ৬৭ শতাংশ।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭ দশমিক ৭৫ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৪২ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে, যা গত নভেম্বরের পর সর্বনিম্ন। এছাড়া প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ১৮৭ দশমিক ০১ ডলারে নেমেছে।
এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণালংকারের দাম বর্তমানে ২ লাখ ২১ হাজার ৬১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন