ব্যাংক থেকে ব্যাংকে অর্থ লেনদেনের ক্ষেত্রে ফি নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত সার্কুলার বুধবার প্রকাশ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
সার্কুলারে বলা হয়েছে, এনপিএসবি (NPSB) এর মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অফ সেল (POS) ও বাংলা কিউআর কোড লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) সংক্রান্ত আগের সব শর্ত ও ফি বহাল থাকবে।
তবে এনপিএসবির আওতায় শুধুমাত্র বাংলা কিউআর কোড পরিশোধ ব্যবস্থা ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, এমএফএস এবং পিএসপির মাধ্যমে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাট অন্তর্ভুক্ত) এমডিআর (MDR) আদায় করতে পারবে।
এ ছাড়া ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে প্রয়োজন হলে কোনো অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান প্রোমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি-২) মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন