উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম ধারাবাহিকভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করে সংস্থাটি জানিয়েছে, অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম এখন হবে ১৩০ টাকা ৯৯ পয়সা। মঙ্গলবার বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য কার্যকরের তথ্য জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, জুন মাসের তুলনায় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমেছে। এর আগে জুন মাসে একই পরিমাণ জেট ফুয়েলের দাম ছিল ১৫০ টাকা ২১ পয়সা। সর্বশেষ সিদ্ধান্তে দাম আরও কমিয়ে নতুন হার নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক রুটে চলাচলকারী উড়োজাহাজের ক্ষেত্রেও জেট ফুয়েলের মূল্য হ্রাস করা হয়েছে। বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের মার্চ মাসে জেট ফুয়েলের দামে বড় ধরনের বৃদ্ধি আনা হয়েছিল। ২৪ মার্চ অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রায় ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রায় ৭৯ শতাংশ দাম বাড়ানো হয়। এরপর ৭ এপ্রিল আরও এক দফা মূল্য বৃদ্ধি করা হয়।
তবে মে মাস থেকে জেট ফুয়েলের দামে কমার প্রবণতা শুরু হয়। ওই মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। পরে জুন মাসে তা আবার কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়।
সর্বশেষ জুলাই মাসের নতুন সিদ্ধান্তে দাম আরও কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। ফলে টানা কয়েক মাস ধরে জেট ফুয়েলের মূল্য কমানোর ধারাবাহিকতা বজায় থাকল।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন