পরীক্ষার্থীদের অভিভাবকদের ভোগান্তি কমাতে নির্দেশনা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৩:২০ পিএম
পরীক্ষার্থীদের অভিভাবকদের ভোগান্তি কমাতে নির্দেশনা

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য শেড ও বসার চেয়ার স্থাপনের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

এইচএসসি পরীক্ষার কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য শেড ও বসার চেয়ার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৬-এর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে লক্ষ্য করা গেছে, পরীক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের জন্য কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অবস্থান করেন। কিন্তু অধিকাংশ কেন্দ্রেই অভিভাবকদের জন্য কোনো নির্ধারিত অপেক্ষমাণ শেড বা বসার স্থান নেই। ফলে বৃষ্টি, রোদ কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাদের অত্যন্ত কষ্টকর পরিবেশে অবস্থান করতে হয়।

এ ছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবকদের অবস্থান ও চলাচল সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের জন্য কোনো রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োজিত না থাকায় অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভিড়, বিশৃঙ্খলা এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়।

পরীক্ষার্থীদের অভিভাবকদের সার্বিক সুবিধার জন্য কেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অপেক্ষমাণ শেডসহ বসার জন্য চেয়ার স্থাপনের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রের বাইরের শৃঙ্খলা ও জনসমাগম নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োগ দিতে বলা হয়েছে।

এম জি