পরীমণি

বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০১:১৮ পিএম
বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল

গ্রেপ্তারের প্রায় পাঁচ বছর পর বহুল আলোচিত মামলা ও সেই সময়ের ঘটনা নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় র‌্যাবের অভিযানের পর তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল।

সম্প্রতি একটি অনলাইন টকশোতে র‌্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামের বক্তব্যের পর নিজের অবস্থান তুলে ধরেন পরীমণি। ওই কর্মকর্তার বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান তিনি।

নিজের দেওয়া স্ট্যাটাসে পরীমণি দাবি করেন, গ্রেপ্তারের পর তাকে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় জড়ানো হয়েছিল। ওই মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় এবং টানা ২০ দিন কারাগারে থাকতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, ওই ঘটনার প্রভাব এখনো তার ব্যক্তিগত জীবন, সামাজিক অবস্থান ও পেশাগত ক্যারিয়ারে রয়ে গেছে।

পরীমণি বলেন, ওই সময় তিনি নিজের সম্মান, মানসিক শান্তি এবং জীবনের গুরুত্বপূর্ণ অনেক সময় হারিয়েছেন। আদালতের মাধ্যমে যদি কোনো পর্যায়ে তিনি অব্যাহতি পান, তবুও হারানো সম্মান ও মানসিক প্রশান্তি আগের অবস্থায় ফিরবে কি না- এমন প্রশ্নও রাষ্ট্রের কাছে রেখেছেন এই অভিনেত্রী।

তিনি আরও দাবি করেন, পুরো ঘটনায় তার চরিত্র ও নৈতিকতাকে প্রশ্নের মুখে ফেলা হয়েছিল। ভবিষ্যতে যেন কোনো নির্দোষ মানুষ এমন পরিস্থিতির শিকার না হন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা ধরে রাখতে ন্যায়বিচার, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান পরীমণি।

নিজের বক্তব্যের শেষ দিকে কঠিন সময়গুলোতে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অতীতের তিক্ত অভিজ্ঞতা নিয়ে আটকে না থেকে কাজ, সন্তান, পরিবার ও দর্শকদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চান বলেও জানান জনপ্রিয় এই চিত্রনায়িকা।

এএন