বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে ভারতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিহারে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের একাংশ তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভকারীরা অভিনেতার বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ এর অভিযোগ এনে কুশপুত্তলিকা দাহ করেন এবং সরকারের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
নিউজ এইটিনসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা আমির খানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বজরং দলের নেতা মনোজ সোনি এক বিবৃতিতে অভিযোগ করেন, আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করছেন। তাদের গর্ভবতী করছেন। কেন তিনি মুসলিম কোনো নারীকে বিয়ে করেন না? এটা হিন্দুদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।
তিনি আরও বলেন, হিন্দু নারীদের তিনি মুসলিম ধর্মে কনভার্ট করছেন না ঠিকই, কিন্তু সন্তানদের নাম রাখছেন নিজের ধর্মের নাম অনুসারে। কেন শুধু বারবার হিন্দু মেয়েদের প্রেমেই পড়েন তিনি? যদি বিয়েও করেন তাহলে কেন বারবার ডিভোর্স করেন?
মনোজ সোনির দাবি, এ ধরনের ঘটনা সমাজের সম্প্রীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে তিনি সরকারের কাছে আমির খানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এদিকে, আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে লেখিকা তসলিমা নাসরিনও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন। তিনি অভিনেতার একাধিকবার হিন্দু নারীকে বিয়ে করার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন।
তবে বজরং দলের অভিযোগ কিংবা এ বিতর্ক নিয়ে এখন পর্যন্ত আমির খান প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।
ব্যক্তিগত জীবনে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন আমির খান। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে সেই দাম্পত্যেরও ইতি ঘটে। সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটকে বিয়ে করে তৃতীয়বারের মতো বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন এই বলিউড তারকা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন