সেমিফাইনালে আর্জেন্টিনা, আনন্দে ভাসলেন দেশের তারকারা

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৩:৪২ পিএম
সেমিফাইনালে আর্জেন্টিনা, আনন্দে ভাসলেন দেশের তারকারা

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আরেকটি দাপুটে জয়। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। বাংলাদেশ সময় আজ রোববার সকালে এই জয়ের পর উচ্ছ্বাসে ভাসেন আর্জেন্টিনা সমর্থকরা। সেই আনন্দে শামিল হয়েছেন দেশের শোবিজ তারকারাও।

প্রিয় দলের জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও আনন্দ প্রকাশ করেছেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘পিওর ইমোশন, পিওর প্যাশন। সেমি-ফাইনালিস্ট!’

অন্যদিকে অভিনেত্রী নাদিয়া আহমেদ ও অভিনেতা এফ এস নাঈম দম্পতি এবার যুক্তরাষ্ট্রে বসেই আর্জেন্টিনার খেলা উপভোগ করেছেন। মাঠে বসে খেলা দেখার স্মৃতি মনে করে সেই সময়ের একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন নাদিয়া। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভামোস আর্জেন্টিনা! রোড টু সেমিফাইনালস। গর্জে ওঠো আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামকে ধন্যবাদ, এই মাঠেই এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা, আর এখন কোয়ার্টার ফাইনাল জিতল।’

নাদিয়া আহমেদের ফেসবুক পোস্ট। ছবি: অভিনেত্রীর ফেসবুক

আর্জেন্টিনার একজন সরব সমর্থক হিসেবে পরিচিত ইরফান সাজ্জাদ। প্রিয় দলের জয় উদযাপন করলেও কোয়ার্টার ফাইনালে স্কালোনির একাদশ নির্বাচন ও বদলি খেলোয়াড় ব্যবহারে সন্তুষ্ট নন তিনি। তাঁর মতে, বেঞ্চে থাকা মেধাবী খেলোয়াড়দের যথাসময়ে মাঠে না নামিয়ে ম্যাচকে অযথা কঠিন করে তুলেছেন কোচ। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় স্কালোনি, খুশি হওয়ার কিছু নাই! সেমিফাইনালে ইগোটাকে পাশে রেখে যোগ্য প্লেয়ারদের খেলাও! আনচেলেত্তির (ব্রাজিলের কোচ) মতো ভুল করো না। সেমিফাইনালের জন্য শুভকামনা।’

কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ১–১ গোলে সমতায় ছিল আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। পরে অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে ৩–১ ব্যবধানে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তারা। এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শেষ চারে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ফাইনালের পথে আরেকটি বড় পরীক্ষার অপেক্ষায় লিওনেল মেসির দল, আর সেই ম্যাচ ঘিরেও সমর্থকদের মতোই উচ্ছ্বসিত দেশের আর্জেন্টিনা-ভক্ত তারকারা।

জেএইচআর