ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানীর লিওনেল মেসিকে নিয়ে করা মন্তব্য ঘিরে চলমান বিতর্কে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ওমর সানীকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। এরপর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার বিকেলে দেওয়া ওই পোস্টে জয় লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বই দশকে দেখতাম সিনেমায় মৌসুমী ওমর সানীকে চাবুক মারতো। কেন মারতো এখন বুঝেছি।’ তার এই মন্তব্য প্রকাশের পরপরই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পোস্টটির নিচে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ জয়ের বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ একজন জ্যেষ্ঠ শিল্পীকে এভাবে বিদ্রূপ না করার মত দিয়েছেন।
সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে ওমর সানী বলেন, ‘মেসি একজন প্রতিবন্ধী। মেসি আমার প্রিয় খেলোয়াড় ছিল। কিন্তু একটা সময় তার জনপ্রিয়তা থাকবে না। দিনদিন তার জনপ্রিয়তা কমতে শুরু করেছে। আর্জেন্টিনা দলেরও জনপ্রিয়তা কমতে শুরু করেছে।’ এই মন্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিতর্ক শুরু হয়।
এরপর আরেকটি ভিডিওতে ওমর সানী আর্জেন্টিনার সমর্থকদের নিয়েও মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ব্রাজিল খারাপ খেলেছে বলেই হেরেছে, এতে অন্যায় কিছু নেই। তবে আর্জেন্টিনার কিছু সমর্থক যে বিজয় উদযাপন করছেন, সেটিকে তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন এবং এমন উদযাপনের কোনো কারণ দেখেন না।
মেসি ও আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে ওমর সানীর এসব বক্তব্য কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেই বিতর্কের মধ্যেই শাহরিয়ার নাজিম জয়ের ব্যঙ্গাত্মক ফেসবুক পোস্ট নতুন করে বিষয়টিকে সামনে নিয়ে এসেছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন