চলতি বছরে হামের পর এবার বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ১৩৯ জনের।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা এক নারী, যার বয়স ৪১ থেকে ৪৫ বছরের মধ্যে।
চলতি বছরে এখন পর্যন্ত সর্বমোট ৫ হাজার ৩৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর মধ্যে ৪ হাজার ৬৯২ জন ইতিমধ্যে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১২৪ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বছরের অন্য মাসগুলোর তুলনায় চলতি জুন মাসেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এ মাসের ২২ দিনেই ১ হাজার ৮৪২ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। এর আগে জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।
চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারানো ১০ জনের মধ্যে জুন মাসেই মারা গেছেন ৫ জন। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন