যে ৮ টুথপেস্টে কোন মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব মেলেনি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৭:৪৪ পিএম
যে ৮ টুথপেস্টে কোন মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব মেলেনি

দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট নিয়ে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষিত ৩৪টি নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। তবে ৮টি টুথপেস্টের নমুনায় কোনো ধরনের মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি।

দেশের বাজারে বহুল ব্যবহৃত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে এক বছরব্যাপী গবেষণা চালিয়েছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)। গবেষণায় ১৯টি ব্র্যান্ডের মোট ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৬টি নমুনায়, অর্থাৎ প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

তবে একই গবেষণায় ৮টি টুথপেস্টের নমুনায় কোনো ধরনের মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়নি। ফলে এসব পণ্য গবেষণার ফলাফলে তুলনামূলকভাবে নিরাপদ হিসেবে উঠে এসেছে।

ইএসডিওর গবেষণা অনুযায়ী, যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি সেগুলো হলো— জেনফ্রেশ (দেশীয় ব্র্যান্ড), প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) (দেশীয় ব্র্যান্ড), ক্লোজ-আপ রেড-হট জিংক ফ্রেশ টেকনোলজি (দেশীয় ব্র্যান্ড), প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার (ভারত), সেনসোডাইন ফ্রেশ জেল (ভারত), কোলগেট ম্যাক্সফ্রেশ (ভারত), কোলগেট অ্যাক্টিভ সল্ট (ভারত) এবং কুডুমু–অরেঞ্জ (থাইল্যান্ড)।

এর আগে একই গবেষণায় ইএসডিও জানিয়েছিল, দেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মিলেছে। তবে পরীক্ষিত এসব পণ্যের মধ্যে উল্লিখিত ৮টি টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি বলে সংস্থাটি তাদের গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছে।

এএন