যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে সুনামির আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন প্রদেশের মাঝামাঝি দুর্গম এলাকায়। আলাস্কার জুনেউ শহর থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে এ অবস্থান চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার।
ইউকন পুলিশের হোয়াইটহর্স শাখার সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, বহু মানুষ তীব্র ঝাঁকুনি অনুভব করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট করছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি, আহত বা বড় ধরনের ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন