বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য প্রার্থনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানকে বিশেষভাবে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে বেগম জিয়া যে ভূমিকা রেখেছেন, তা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
মোদি তাঁর বার্তায় ২০১৫ সালে ঢাকা সফরকালে বেগম খালেদা জিয়ার সাথে কাটানো মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বেগম জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার ও চিন্তা ভবিষ্যতেও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বার্তার শেষে ভারতের প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন