ট্রাম্পকে ‘মানসিক ভারসাম্যহীন’ বললেন সাবেক সিআইএ পরিচালক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৪:৫৬ পিএম
ট্রাম্পকে ‘মানসিক ভারসাম্যহীন’ বললেন সাবেক সিআইএ পরিচালক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মানসিকভাবে ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর সাবেক পরিচালক জন ব্রেনান। একই সঙ্গে তিনি ট্রাম্পকে পদচ্যুত করার পক্ষে অবস্থান নিয়েছেন।

বারাক ওবামা প্রশাসনে সিআইএ প্রধান হিসেবে দায়িত্ব পালন করা জন ব্রেনান সম্প্রতি এমএসএনবিসি-র একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি ট্রাম্পের বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ তুলে তাকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানান।

ব্রেনান দাবি করেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী ডোনাল্ড ট্রাম্পকে বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছিল। তার মতে, বর্তমান পরিস্থিতিতে এই সংশোধনী প্রয়োগের যৌক্তিকতা রয়েছে।

তিনি বলেন, ইরান প্রসঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্য এবং তাতে সম্ভাব্য ঝুঁকি যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে, যা তাকে দায়িত্বে রাখার বিষয়ে প্রশ্ন তোলে।

সাক্ষাৎকারে জন ব্রেনান আরও বলেন, “এই ব্যক্তি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন।”

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের হাতে পারমাণবিক অস্ত্রসহ বিশাল সামরিক ক্ষমতা রয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই তাকে কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্বে রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এএন