ইরানে আবারও গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে তাদের ফাঁসি দেওয়া হয়।
ঘটনাটি সোমবার ঘটেছে বলে জানিয়েছে তাসনিম বার্তা সংস্থা।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত দুই ব্যক্তি বিস্ফোরণ ও অগ্নিসংযোগ পরিকল্পনায় যুক্ত ছিলেন। তারা বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন, যার মধ্যে ছিল নিরাপদ যোগাযোগ পদ্ধতি ব্যবহার, সংবেদনশীল স্থানের অবস্থান শনাক্তকরণ এবং বিস্ফোরক প্রজেক্টাইল তৈরির কৌশল।
এছাড়া তাদের বিরুদ্ধে সামরিক ও জনসেবামূলক স্থাপনায় অগ্নিসংযোগ হামলা চালানোর অভিযোগও আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এসব কার্যক্রমের ভিডিও তারা নেটওয়ার্ক পরিচালকদের কাছে পাঠাতেন এবং এর বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ গ্রহণ করতেন।
তাসনিম আরও জানায়, সংশ্লিষ্ট নেটওয়ার্কটি আগে থেকেই ইরানের নিরাপত্তা বাহিনীর নজরদারিতে ছিল। বিশেষ করে তেহরানে দুটি জনসেবা ও সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনার পর থেকেই তাদের ওপর নজরদারি বাড়ানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের বাঁকা পথে নিক্ষেপযোগ্য বিস্ফোরক তৈরি, হামলার লক্ষ্য নির্বাচন এবং ভিডিও ধারণের কৌশল সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন