ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আজ বুধবার (২৯ এপ্রিল)। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই ভোট। ভোটকে কেন্দ্র করে রাজ্যজুড়ে যেমন নিরাপত্তা জোরদার করা হয়েছে, তেমনি বাংলাদেশ–ভারত সীমান্তেও নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা।
নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় গতকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ইভিএম ও ভোটের সরঞ্জাম সংশ্লিষ্ট বুথগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রায় ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
এই ধাপে সাতটি জেলার মোট ১৪২টি আসনে ভোট দিচ্ছেন প্রায় ৩ কোটি ২১ লাখ ভোটার। যেসব জেলায় ভোট হচ্ছে সেগুলো হলো—নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান।
উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় মানুষের চলাচল ও যানবাহনের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। ২৬ এপ্রিল সন্ধ্যা থেকে কার্যকর হওয়া এই বিধিনিষেধ ভোট শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। একই ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে পেট্রাপোল স্থলবন্দরেও।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রথম ধাপের ভোটে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবারের নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিপরীতে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), যার নেতৃত্বে আছেন নরেন্দ্র মোদি।
সূত্র: দ্য হিন্দু
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন