মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধাবস্থা নিরসনে পাকিস্তানের মাধ্যমে নতুন একটি কূটনৈতিক প্রস্তাব পাঠিয়েছে ইরান।
বৃহস্পতিবার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে এই প্রস্তাব হস্তান্তর করা হয় বলে আল-জাজিরাকে নিশ্চিত করেছে ইরানের একটি কূটনৈতিক সূত্র।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ইরানের এই নতুন পদক্ষেপের দিকে বিশেষ নজর ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর আগে গত সপ্তাহে তেহরানের দেওয়া একটি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করেছিলেন। আগের সেই প্রস্তাবে ইরান প্রথমে যুদ্ধ বন্ধ এবং পরবর্তীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলেছিল। তবে ট্রাম্পের অবস্থান ছিল যুদ্ধাবস্থা চলার মাঝেই পারমাণবিক চুক্তিতে পৌঁছানো।
ইরানের সর্বশেষ সংশোধিত এই প্রস্তাবে ঠিক কী কী বিষয় উল্লেখ করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান সামরিক প্রস্তুতি ও পাল্টাপাল্টি হুমকির ফলে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিরসনে এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।
দীর্ঘদিন ধরেই ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে মধ্যস্থতাকারী বা যোগাযোগের মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পাকিস্তান। বর্তমান সংকটময় মুহূর্তে ইসলামাবাদের মাধ্যমে তেহরানের এই উদ্যোগ নতুন কোনো কূটনৈতিক মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, ইরান যুদ্ধ ও আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও অবনতির দিকে যাচ্ছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন