৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৪:২৮ পিএম
৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ফিলিপাইনের সামার দ্বীপে রিখটার স্কেলে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়, যা পুরো দ্বীপজুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাতে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সামার প্রদেশের উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প সৃষ্টি হয়।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, কম্পনটি ছিল হঠাৎ এবং বেশ শক্তিশালী। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, থানার একটি ছাদের বিম ভেঙে পড়েছে এবং ভেতরের আসবাবপত্র কেঁপে ওঠে। নিরাপত্তার কারণে পুলিশ সদস্যরা ভবন ছেড়ে বাইরে অবস্থান নেন।

ফিলিপাইন বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের মধ্যে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

এর আগে গত বছরের অক্টোবর মাসে একই অঞ্চলের কাছাকাছি এলাকায় ৭.৪ ও ৬.৭ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত আটজন নিহত হন। তারও কিছুদিন আগে ৬.৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে ৭৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় চেবু প্রদেশে প্রায় ৭২ হাজার ঘরবাড়ি ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এম জি