বাংলাদেশ সীমান্তে দ্রুত কাঁটাতার বসানোর নির্দেশ শুভেন্দুর

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ০২:৩৫ পিএম
বাংলাদেশ সীমান্তে দ্রুত কাঁটাতার বসানোর নির্দেশ শুভেন্দুর
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)

ভারতের পশ্চিমবঙ্গের নবান্নে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব গ্রহণের পরপরই মন্ত্রিসভার প্রথম বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান জানান তিনি।

প্রথম দফার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে জমি হস্তান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। এ লক্ষ্যে আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্নে সোমবার সকালে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি প্রশাসনিক বৈঠকে অংশ নেন। পরে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর তিনি জানান, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সীমান্ত ব্যবস্থাপনায় নতুন করে গতিশীলতা আনা হবে।

এরপর তিনি জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন এবং সরকারি উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি দাবি করেন, সীমান্ত ব্যবস্থাপনায় আগের ধীরগতির কারণে সমস্যা তৈরি হয়েছিল। নতুন সরকার দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ শেষ করবে বলে জানান তিনি।

এ ছাড়া কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে রাজ্যের অংশগ্রহণ বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়নমূলক একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, নতুন প্রশাসন দলীয় নয়, বরং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে এবং রাজ্যে উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এএন