পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক চোখের দৃষ্টি হারিয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসচিব সালমান আকরাম রাজা।
বুধবার ইসলামাবাদে সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, কারাগারে নির্যাতনের কারণে দলের প্রতিষ্ঠাতা ইমরান খান তার এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং বর্তমানে তিনি গুরুতর স্বাস্থ্যঝুঁকির মধ্যে আছেন।
সালমান আকরাম রাজা আরও বলেন, আজ ন্যায়বিচারের সব দরজা বন্ধ বলে মনে হচ্ছে। পিটিআই প্রতিষ্ঠাতাকে প্রায় এক হাজার দিন ধরে কারারুদ্ধ রাখা হয়েছে এবং তাকে মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
এর আগে গত ২৮ এপ্রিল পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)-এ চলমান ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে ইমরান খানকে চতুর্থবারের মতো চোখে ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন দেওয়া হয়।
তার আইনজীবী এবং আদালতের অ্যামিকাস কিউরি সালমান সফদরের সুপ্রিম কোর্টে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, কারাবন্দি ইমরান খানের চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) নামের একটি গুরুতর রোগ ধরা পড়েছে। এই রোগে রেটিনা থেকে রক্ত নিষ্কাশনকারী প্রধান শিরা বন্ধ হয়ে যায় এবং এটি সাধারণত উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস এবং হৃদরোগসহ বিভিন্ন কার্ডিওভাসকুলার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সালমান আকরাম রাজা আরও অভিযোগ করেন, ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের সুযোগ সীমিত করা হচ্ছে। এমনকি আদালতের সাক্ষাত-সংক্রান্ত আদেশও কার্যকর করা হচ্ছে না বলে তিনি দাবি করেন। তার মতে, কেবলমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তিকেই তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে।
সূত্র: জিও নিউজ
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন