স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক, রাখতে হবে ভিডিও প্রমাণ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২৬, ১২:৫৯ এএম
স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক, রাখতে হবে ভিডিও প্রমাণ

পশ্চিমবঙ্গের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সকালবেলার সমাবেশে বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তা বাস্তবায়নের প্রমাণ হিসেবে ভিডিও ধারণ করে সংরক্ষণ করতেও বলা হয়েছে।

রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা এক সরকারি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন স্কুল শুরুর আগে সব শিক্ষার্থীকে সমাবেশে অংশ নিয়ে জাতীয় এই গান গাইতে হবে। বিষয়টি কঠোরভাবে বাস্তবায়নের জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের সব স্কুলে সমাবেশের প্রার্থনা হিসেবে ‘বন্দে মাতরম’ চালু করা হবে এবং এটি বাধ্যতামূলক থাকবে।

শিক্ষা দপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ১৩ মে জারি করা চিঠি অনুযায়ী স্কুল প্রধানদের নিশ্চিত করতে হবে যাতে সব শিক্ষার্থী সমাবেশে অংশ নেয়। পাশাপাশি সমাবেশের কার্যক্রম ভিডিও রেকর্ড করার কথাও বলা হয়েছে, যাতে বাস্তবায়নের প্রমাণ সংরক্ষণ করা যায়।

এর আগে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে সাধারণত শুধু জাতীয় সংগীত ‘জন গণ মন’ গাওয়া হতো। পরে রাজ্য সরকার ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিও সমাবেশে অন্তর্ভুক্ত করে, যা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রচিত হয়েছিল।

নতুন এ নির্দেশনার পর শিক্ষক মহলে প্রশ্ন উঠেছে, সীমিত সময়ের মধ্যে জাতীয় সংগীত ও জাতীয় গান প্রতিদিন কীভাবে সমাবেশে অন্তর্ভুক্ত করা হবে।

হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুবরোজ্যোতি দত্ত জানিয়েছেন, ছুটির পর স্কুল খোলার পর শিক্ষার্থীরা ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সংগীত ‘জন গণ মন’- দুটোই সমাবেশে গাইবে। তিনি বলেন, শিক্ষার্থীদের আগে থেকেই ‘বন্দে মাতরম’ এর ঐতিহাসিক গুরুত্ব শেখানো হয়েছে এবং তারা গানটি মুখস্থ করেছে।

অন্যদিকে শিক্ষক সংগঠনের এক বামপন্থী প্রতিনিধি জানিয়েছেন, দৈনিক সমাবেশে একাধিক গান অন্তর্ভুক্ত করার সময়সূচি নিয়ে আরও স্পষ্ট নির্দেশনার অপেক্ষা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এম জি