কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে করা মামলায় বড় ধাক্কা খেয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত তার করা মামলা খারিজ করে দিয়েছে।
ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে প্রায় তিন সপ্তাহ ধরে শুনানি শেষে ৯ সদস্যের জুরি সর্বসম্মতভাবে মত দেয়, মামলা দায়ের করতে নির্ধারিত সময়সীমার চেয়ে অনেক বেশি দেরি করেছেন মাস্ক। মাত্র দুই ঘণ্টার আলোচনার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছায়। পরে বিচারক ইভন গঞ্জালেজ রজার্স জুরির সিদ্ধান্ত বহাল রেখে মামলাটি বাতিল করেন।
২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠার সময় সহপ্রতিষ্ঠাতা ছিলেন ইলন মাস্ক। তিনি শুরুতে প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করেন। মামলায় মাস্ক অভিযোগ করেন, মানবকল্যাণে অলাভজনকভাবে কাজ করার লক্ষ্য থেকে সরে গিয়ে প্রতিষ্ঠানটি এখন লাভকেন্দ্রিক পথে পরিচালিত হচ্ছে।
তিনি আরও দাবি করেন, এই পরিবর্তনের মাধ্যমে সাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যান ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। শুনানিতে ব্রকম্যান জানান, ওপেনএআইয়ে তার শেয়ারের বর্তমান মূল্য প্রায় ৩০ বিলিয়ন ডলার।
মাস্ক মামলায় আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি সাম অল্টম্যানকে পরিচালনা পর্ষদ থেকে সরানোর আবেদনও করেন। তবে ওপেনএআই আদালতে জানায়, প্রতিষ্ঠানকে চিরকাল অলাভজনক রাখার কোনো বাধ্যবাধকতা ছিল না। তাদের দাবি, প্রতিষ্ঠানে পূর্ণ নিয়ন্ত্রণ না পাওয়ার হতাশা থেকেই মাস্ক মামলা করেছেন।
শুনানিতে ইলন মাস্ক, সাম অল্টম্যান, মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা ছাড়াও সাবেক বোর্ড সদস্য হেলেন টোনার ও তাশা ম্যাককাউলি সাক্ষ্য দেন। আদালতে জেরা চলাকালে মাস্ককে কয়েকবার তর্কাত্মক আচরণ করতেও দেখা যায়।
বর্তমানে ওপেনএআইয়ের বাজারমূল্য প্রায় ৮৫২ বিলিয়ন ডলার বলে জানা গেছে। প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে বড় পরিসরের শেয়ার ছাড়ার প্রস্তুতিও নিচ্ছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন