পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার বিকেলে নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। একই সাথে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে রাজ্যের ২৭ কিলোমিটার জমি সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার ঘোষণাও দেন তিনি।
সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী জানান, যাঁরা সিএএ-এর আওতায় পড়বেন না, তাঁদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট” এই নীতির ভিত্তিতেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে এবং বিএসএফ-এর কাছে হস্তান্তর করে পরবর্তীতে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।
তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে সীমান্ত থানাগুলোতে নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে এবং রাজ্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নবান্নের এই অনুষ্ঠানে বিএসএফ-এর উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এদিকে এই ঘোষণাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক ও উত্তাপ শুরু হয়েছে। বিরোধীরা দীর্ঘদিন ধরেই এই রাজ্যে সিএএ বাস্তবায়নের বিরোধিতা করে আসছে। পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস প্রশাসনও এই আইন কার্যকর না করার অবস্থানে অনড় ছিল।
উল্লেখ্য, সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী- বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার সুযোগ রয়েছে। তবে এর প্রয়োগ ও বৈধতা নিয়ে শুরু থেকেই বিভিন্ন মহলে তীব্র রাজনৈতিক বিতর্ক চলছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন