দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের পর সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকোকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। একই সঙ্গে পুরো সরকার ভেঙে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে জারি করা এক অধ্যাদেশে এ ঘোষণা আসে।
সোনকো সম্প্রতি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে সমকামিতার বিষয় চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলেন এবং এ নিয়ে কঠোর অবস্থান নেন। এর পরপরই তার বরখাস্তের ঘটনা ঘটে, যা দেশজুড়ে নতুন বিতর্ক তৈরি করেছে।
সরকারি ঘোষণায় জানানো হয়, প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রীর দায়িত্ব শেষ হয়েছে। তবে নতুন প্রধানমন্ত্রী কে হবেন, তা এখনো ঘোষণা করা হয়নি।
একসময় প্রেসিডেন্ট ফায়ে ও সোনকো একসঙ্গে পাস্তেফ পার্টি গঠন করে ক্ষমতায় আসেন। দুর্নীতি দমন ও অর্থনীতি সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তারা ২০২৪ সালের নির্বাচনে জয় পান। তবে পরবর্তীতে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব ও মতবিরোধ বাড়তে থাকে।
সোনকো ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর সমালোচনায় কড়া অবস্থান নেন, অন্যদিকে প্রেসিডেন্ট ফায়ে দলের ভেতরের ক্ষমতার ভারসাম্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। শেষ পর্যন্ত সেই দ্বন্দ্বই সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্তে গড়ায়।
বরখাস্তের পর সোনকো নিজ এলাকায় ফিরে যান এবং সমর্থকদের সঙ্গে সময় কাটান। রাজনৈতিক এই পরিবর্তনে সেনেগালে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন