যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে চলমান যুদ্ধবিরতি ভাঙলে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তাদের বাহিনী ইরানি আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া একটি এফ-৩৫ যুদ্ধবিমান এবং আরেকটি ড্রোনের ওপর গুলিবর্ষণ করে সেগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনাগুলো ঠিক কবে ঘটেছে, বিবৃতিতে তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি।
এর আগে গত সোমবার রাতে হরমুজ প্রণালির আশপাশে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং নৌকা লক্ষ্য করে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালানোর দাবি করে মার্কিন সামরিক বাহিনী।
এর পরদিনই আইআরজিসি তাদের বিবৃতিতে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানায়, যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা পাল্টা আঘাত হানবে। আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক করে তারা উল্লেখ করে, ইরান এই আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়াকে নিজের বৈধ এবং নিশ্চিত অধিকার বলে মনে করে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও যুদ্ধবিরতি চলাকালে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে নতুন করে ঘটা এই হামলা ও উত্তেজনার জেরে চলমান যুদ্ধবিরতি শেষ পর্যন্ত কতটা টিকবে, তা নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন