পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০২:২৫ পিএম
পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া সীমান্ত এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, যাত্রীবাহী বাসটি খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশের পর নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানান, দুর্ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে এবং আরও আটজন আহত হয়েছেন।

শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে পেশাওয়ারের উদ্দেশে রওনা হয়েছিল। তবে পথে আরেকটি বাস বিকল হয়ে গেলে সেখানকার কয়েকজন যাত্রীও এই বাসে ওঠেন।

দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বেলুচিস্তান সরকার। এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

এদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সংশ্লিষ্ট সব বিভাগকে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

সূত্র: দ্য ডন

এম জি