খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আজ 

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১১:১৭ এএম
খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আজ 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে, তার জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে। ইতোমধ্যে ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে তার মরদেহ ইরানে নিয়ে আসা হয়েছে। পরে জানাজার জন্য মরদেহ রাখা হয় ইমাম রেজা মাজার কমপ্লেক্সে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলি খামেনি নিহত হন। তার মৃত্যুর পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আজ তাকে দাফনের সব প্রস্তুতি শেষ করেছে ইরান।

১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন খামেনি। শিয়া মুসলিমদের কাছে শহরটি অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত, কারণ এখানে শিয়াদের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব ইমাম রেজার মাজার অবস্থিত। এ কারণে তাকে ওই পবিত্র স্থানেই সমাহিত করা হচ্ছে। অনেকের মতে, ধর্মীয় মর্যাদার প্রতীক হিসেবেই এই স্থানকে তার চূড়ান্ত বিশ্রামস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে।

তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইমাম রেজা মাজার কমপ্লেক্সেই আলি খামেনিকে দাফন করা হবে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও একই মাজার কমপ্লেক্সে সমাহিত করা হয়েছিল।

এএন