দক্ষিণ ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন। দেশটির আন্দালুসিয়া অঞ্চলে আগুনে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ১৯ জন নিখোঁজ রয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ানমা মোরেনোর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় এক কর্মকর্তার ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে অন্তত চারজন ব্রিটিশ নাগরিক থাকতে পারেন। তবে তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে দাবানলের প্রকৃত কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র গরমে স্পেনের পাশাপাশি ফ্রান্স ও পর্তুগালের বিভিন্ন এলাকাতেও একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী কাজ করছেন এবং নিরাপত্তার স্বার্থে হাজারো মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ানমা মোরেনো ঘটনাটিকে ‘মর্মান্তিক ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমাদের হৃদয় ভারাক্রান্ত। আমরা গভীরভাবে শোকাহত।’
বেদার এলাকায় আগুন নেভানোর কাজে প্রায় ১৫০ জন দমকলকর্মী অংশ নিয়েছেন। আহতদের মধ্যে একজন ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং আরেকজন দগ্ধ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আরও চারজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দাবানলের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি প্রায় এক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, চলতি বছরের গ্রীষ্মে দাবানল মোকাবিলায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিনির্বাপণ বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেই পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে স্পেনের সামরিক জরুরি ইউনিট (ইউএমই) আগুন নিয়ন্ত্রণ অভিযানে যুক্ত হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন