স্কুটারে যাওয়ার সময় পারিবারিক বিবাদের জেরে রাস্তায় স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দিল্লির এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। মণীশ ভাটি নামের ওই পুলিশ কনস্টেবল প্রকাশ্য দিবালোকে রাস্তার মাঝেই তাঁর স্ত্রীকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সোমবার ভারতের পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মণীশ ভাটি সম্প্রতি পূর্ব দিল্লির অ্যান্টি-অটো থেফট স্কোয়াডে (এএটিএস) কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী ২৬ বছর বয়সী প্রিয়াঙ্কা পেশায় একজন শিক্ষিকা ছিলেন। আজ এই মর্মান্তিক হত্যাকাণ্ডের দিনটিই ছিল প্রিয়াঙ্কার জন্মদিন।
সোমবার সকালে এই দম্পতি একটি স্কুটারে করে যাচ্ছিলেন, তখন তাঁদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মণীশ স্কুটারটি থামিয়ে রাস্তার মাঝেই প্রিয়াঙ্কার সঙ্গে তর্কাতর্কি চালিয়ে যান। বিবাদ চরম রূপ নিলে মণীশ হুট করে প্রিয়াঙ্কাকে লক্ষ্য করে গুলি ছোড়েন এবং তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে স্কুটার নিয়ে দ্রুত পালিয়ে যান।
ঘটনাস্থলে থাকা চার-পাঁচজন পথচারী এই নৃশংস ঘটনার বিবরণ দেন। তাঁরা প্রিয়াঙ্কাকে উদ্ধার করে একটি অটোরিকশায় করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর আঘাতের তীব্রতার কারণে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে প্রিয়াঙ্কার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পলাতক কনস্টেবল মণীশ ভাটিকে খুঁজে বের করতে পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন