বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেছেন, এই সংকটময় সময়ে বাংলাদেশ ও এর জনগণের পাশে রয়েছে মালদ্বীপ।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সরকার এবং দেশের জনগণের প্রতি মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের কারণে যে মানবিক সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় বাংলাদেশকে সর্বাত্মক সমর্থন জানাচ্ছে মালদ্বীপ।
বার্তায় তিনি দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি যেসব মানুষ বন্যা ও ভূমিধসের কারণে তাদের ঘরবাড়ি, সম্পদ ও জীবিকা হারিয়েছেন, তাদের প্রতিও সহানুভূতি জানান এবং এই কঠিন পরিস্থিতি দ্রুত কাটিয়ে ওঠার জন্য প্রার্থনা করেন।
মালদ্বীপের প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশের ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা, সাহস ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা করছে তার দেশ। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন