আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০১:১৯ পিএম
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এদিন আপিল বিভাগ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখার পর বিষয়টি নিয়ে তিনি প্রতিক্রিয়া জানান।

আইনমন্ত্রী বলেন, আপিল বিভাগের রায়ের ফলে স্পষ্ট হয়েছে যে, পরবর্তী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তার ভাষ্য, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান দেশের গণতান্ত্রিক চর্চার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং সাধারণ মানুষের জন্যও তা বোঝা হয়ে উঠেছিল।

তিনি আরও বলেন, সংবিধানের ৭-ক ও ৭-খ ধারা ফ্যাসিবাদকে স্থায়ী করার একটি কৌশল ছিল। আপিল বিভাগের রায়ের মাধ্যমে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল থাকায় সেই অবস্থার অবসান হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বিএনপির দীর্ঘ আন্দোলনেরই ফল।

আইনমন্ত্রী জানান, জুলাই সনদকে সামনে রেখে গণতান্ত্রিক রূপান্তরের কার্যক্রম এগিয়ে নিতে সংসদীয় কমিটি গঠন করা হবে। ওই কমিটি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে এবং বাস্তবায়নের পথ নির্ধারণ করবে।

এএন