এএইউবি-এর ১৯তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০২:৫৭ পিএম
এএইউবি-এর ১৯তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ১৯তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান।

সভার শুরুতে ভাইস চ্যান্সেলর বলেন, অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাত একটি দ্রুত বিকাশমান ও প্রযুক্তিনির্ভর ক্ষেত্র। এই খাতের বৈশ্বিক অগ্রগতির সাথে তাল মেলাতে বিশ্ববিদ্যালয় আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন, উন্নত শিক্ষা পদ্ধতির প্রয়োগ এবং ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করছে। তিনি শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানসম্পন্ন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দক্ষ পেশাজীবী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় এএইউবি-এর শিক্ষার্থীদের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরে জানানো হয়, শিক্ষার্থীরা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় (Light Aircraft Design, UAV Design, Can Satellite Design) অংশগ্রহণ করে গৌরব বয়ে এনেছে। ভাইস চ্যান্সেলর সংশ্লিষ্ট শিক্ষার্থী ও শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ভবিষ্যতে গবেষণা ও নতুন ল্যাব স্থাপনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই পথ চলায় বিশেষ সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বিগত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ১৮তম একাডেমিক কাউন্সিল সভার পর থেকে অদ্যাবধি সম্পাদিত বিভিন্ন কার্যাবলীর সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), বাংলাদেশ বিমান বাহিনী, বুয়েট, বিএটিসি, বেবিচক এবং বিএমইউ-এর প্রতিনিধি ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

জেএইচআর