গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে রামপুরা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, “বিএনপির নেতৃত্বাধীন সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা বাস্তবায়নে কাজ চলছে। ইতোমধ্যে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। আজ মাননীয় প্রধানমন্ত্রী নিজে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতার চেক তুলে দিয়েছেন। সরকার তার সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে।”
রামপুরা এলাকার সাহসী ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বাড্ডা ও রামপুরা এলাকার সর্বস্তরের মানুষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্মুখভাগে ছিল। সেই ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, আগামী বাংলাদেশে যেন পুনরায় ফ্যাসিবাদের উদয় না হয়, সেজন্য রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। ক্ষমতা পেয়ে মানুষের ওপর জুলুম না করার বিষয়ে সতর্ক থাকার জন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রথম দিন থেকেই আমাদের নির্দেশনা দিচ্ছেন।
দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে এই সরকার গঠিত হয়েছে এবং আমরা চাই সরকার দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে। গণঅধিকার পরিষদ আগামীতে আরও শক্তিশালী হয়ে রাজপথে সোচ্চার থাকবে।
গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি রাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি আলমগীর অপূর্ব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান, ফারজানা কিবরিয়া, আব্দুল্লাহ মাহমুদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সবুজ এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আবির ইসলাম সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন