কর্ণফুলী টানেলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
বুধবার দিনব্যাপী এই পরিদর্শনে তিনি টানেলের আয় বৃদ্ধির নতুন কৌশল এবং অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিতকরণে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের শুরুতে সচিব টানেল সংলগ্ন কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের জেটি এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে ড্রাই ডক কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই টানেলকে আরও কার্যকর করতে পণ্যবাহী যাতায়াত ও লজিস্টিক সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। ড্রাই ডক জেটির বহুমুখী ব্যবহারের মাধ্যমে টানেলের ব্যবহারকারী ও রাজস্ব আয় বাড়ানোর সম্ভাবনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। তিনি এই পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের পরামর্শ দেন।
সচিব জানান, প্রধানমন্ত্রী সারাদেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণের নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
টানেলের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে সেখানে উন্নত প্রযুক্তির ‘হেলথ মনিটরিং ইকুইপমেন্ট’ স্থাপনের কাজ চলছে। সচিব স্বয়ংক্রিয় এই সেন্সর ও মনিটরিং সিস্টেমের যান্ত্রিক কার্যক্রম পরিদর্শন করেন।
এই প্রযুক্তির মাধ্যমে টানেলের ভেতরের বায়ু চলাচল, ভূমিকম্পন সহনশীলতা এবং যেকোনো ধরনের ত্রুটি রিয়েল-টাইম ডাটার মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, টানেলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে কোনো ধরনের ত্রুটি কাম্য নয়। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই মেগা প্রকল্পের সর্বোচ্চ মান নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং টানেল সাইট অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন