জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৪:৫৫ পিএম
জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬’-এর অষ্টম আয়োজন। বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “ট্রান্সফর্মিং রিটেইল থ্রু নলেজ”।

স্বপ্নের পরিবেশনায়, সিঙ্গার ও বাটার সঞ্চালনায় এবং কনকা ও গ্রি (ইলেক্ট্রো মার্ট লিমিটেড) এর সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় রিটেইলার, ব্র্যান্ড নেতৃত্ব, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, বিপণন পেশাজীবী এবং বিভিন্ন খাতের সিদ্ধান্তগ্রহণকারীরা অংশ নেন।

সম্মেলনে ৩টি কি-নোট সেশন, ৩টি প্যানেল আলোচনা এবং ২টি ইনসাইট সেশন অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের রিটেইল খাতের পরিবর্তনশীল বাস্তবতা তুলে ধরা হয়, যেখানে ডাটা-নির্ভর কৌশল, গ্রাহক আচরণ বিশ্লেষণ, অপারেশনাল দক্ষতা এবং প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার সাজিদ মাহবুব বলেন, বর্তমান সময়ে রিটেইল খাতকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে জ্ঞানকে কার্যকর কাজে রূপান্তরের সক্ষমতা। পরিবর্তিত গ্রাহক চাহিদা বোঝা এবং দ্রুত অভিযোজনই ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণ করবে। তিনি আরও বলেন, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে এবং এ ধরনের প্ল্যাটফর্ম একটি টেকসই রিটেইল ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করে।

কি-নোট সেশনে আশরাফ বিন তাজ, শাদমান সাদিকিন ও সামি আশরাফসহ বক্তারা ডিস্ট্রিবিউশন দক্ষতা, প্রযুক্তিনির্ভর রিটেইল ব্যবস্থাপনা এবং ভোক্তা প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবসায়িক কৌশলের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যান্য আলোচনায় রিটেইল খাতের ভবিষ্যৎ ধারা, ব্যবসায়িক উদ্দেশ্য ও মুনাফার ভারসাম্য, তৈরি পোশাক খাতের ভ্যালু চেইনের রূপান্তর এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ডাটা ও পার্সোনালাইজেশনের ব্যবহার তুলে ধরা হয়।

এতে আরও বক্তব্য দেন ফারিয়া ইয়াসমিন, এমএইচএম ফাইরোজ, দীপেশ নাগ, ফাহিমা আখতার, শাহ রায়ীদ চৌধুরীসহ বিভিন্ন খাতের শীর্ষ নির্বাহীরা।

সম্মেলনের শেষভাগে অংশগ্রহণকারীরা জ্ঞানকে রিটেইল খাতের রূপান্তরের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে আরও তথ্যনির্ভর, অভিযোজনক্ষম ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি টেকসই রিটেইল ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

উল্লেখ্য, এ আয়োজনে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিজিএমইএ, নলেজ পার্টনার হিসেবে মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ, অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার হিসেবে টার্কিশ এয়ারলাইন্স, হসপিটালিটি পার্টনার হিসেবে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এবং পিআর পার্টনার হিসেবে ব্যাকপেজ পিআর যুক্ত ছিল।

জেএইচআর