দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১২:৩৮ পিএম
দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
ছবি : সংগৃহীত

ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত আচরণ ও জটিলতার কারণে সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন।

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

রোববার বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তিনি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন।

এয়ারপোর্টে নামার পরই ভারতের একটি পুরনো নজরদারি তালিকা অনুযায়ী তাঁকে আটকে দেওয়া হয়।

দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে উপদেষ্টা নিজেই নিজের পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় জাহেদ উর রহমানের নাম নিরাপত্তাসংক্রান্ত একটি নজরদারি তালিকায় শনাক্ত হয়।

এর পরপরই তাঁকে অতিরিক্ত যাচাইয়ের নামে বিমানবন্দরের ভেতরে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়।

সূত্র জানিয়েছে, ঘটনাটি মূলত ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদ না হওয়ার কারণে ঘটেছে।

জাহেদ উর রহমানের নাম সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি কালোতালিকা থেকে আগেই অপসারণ করা হয়েছিল।

তবে সেই তথ্য অভিবাসন বিভাগের ওয়াচলিস্টে যথাসময়ে হালনাগাদ না করায় তাঁর নাম সেখানে ভুলবশত থেকে যায়।

এর ফলে দিল্লি বিমানবন্দরে প্রবেশের সময় স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তা জারি হয় এবং তাঁকে আলাদা করে অনাকাঙ্ক্ষিত জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ের মুখোমুখি হতে হয়।

এএন