স্বাস্থ্যমন্ত্রী

আয়ের চেয়ে তামাকজনিত চিকিৎসা ব্যয় কয়েক গুণ বেশি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০১:২৫ পিএম
আয়ের চেয়ে তামাকজনিত চিকিৎসা ব্যয় কয়েক গুণ বেশি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে তামাকখাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে, তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হয় তামাকজনিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায়।

সোমবার বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে এবার সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। তবে দেশ তামাক ও মাদকমুক্ত না হলে এই বড় বাজেটও কাঙ্ক্ষিত সুফল আনতে পারবে না।

তিনি জানান, তামাকজনিত রোগে প্রতি বছর বহু মানুষ মারা যাচ্ছে, যা স্বাস্থ্যব্যবস্থার ওপর বড় চাপ সৃষ্টি করছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ ইতোমধ্যে ফলপ্রসূ হয়েছে। লক্ষ্যের চেয়েও বেশি টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ইপিআই কর্মসূচির আওতায় নিয়মিত টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এম জি