চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৯:৩৫ এএম
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। ফাইল ছবি

চীনে চার দিনের সরকারি সফরের শেষ দিনে আজ (শুক্রবার) দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ স্থানীয় সময় সকালে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

তিনি বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন গতি পাবে বলে সরকার আশাবাদী। একই সঙ্গে উন্নয়ন সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও জোরদার হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সফরের শেষ দিনের কর্মসূচিতে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং একটি জাদুঘর পরিদর্শনের সূচিও রয়েছে।

চার দিনের এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রয়েছে। এতে আছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টা।

এর আগে গত ২১ জুন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। পরে দালিয়ান শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি বৈঠকে অংশ নিয়ে বুধবার বেইজিং পৌঁছান। সফর শেষে আজ বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের ঢাকা ফিরে আসার কথা রয়েছে।

এএন