তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠানে আলি খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন স্পিকার। অনুষ্ঠান শেষে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে শোকবার্তা পৌঁছে দেন এবং সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন।
এর আগে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। উল্লেখ্য, এই রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে গতকালই তেহরান পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সর্বোচ্চ নেতার নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। সেই সাথে ইরান ও বাংলাদেশের মধ্যকার শতাব্দী প্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন।
সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন স্পিকার। তিনি আশা প্রকাশ করে বলেন, এই চুক্তি ইরানসহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিয়ে আসবে। বাংলাদেশ এই শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন বজায় রাখবে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব সমস্যার স্থায়ী সমাধান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ধারা আরও জোরালো করতে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান স্পিকার।
পরবর্তীতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সাথেও একটি বৈঠক করেন। বৈঠকে ইরানের ক্রীড়া মন্ত্রী তাঁদের দেশে ক্রিকেট খেলার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। এ ছাড়া দুই দেশের মধ্যে খেলাধুলার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করলে স্পিকার এই বার্তা বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট পৌঁছে দেবেন বলে আশ্বস্ত করেন।
সবশেষে স্পিকার ইরান রেডিও’র বাংলা বিভাগের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন। সেখানে তিনি বাংলাদেশ-ইরানের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি ইরানে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও বৃদ্ধি করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন বলে উল্লেখ করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন