চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে এক শহীদের মায়ের আবেগঘন স্মৃতিচারণ শুনে অশ্রুসিক্ত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) আয়োজিত এই স্মরণসভায় শহীদ পরিবারের সদস্যদের আকুতি শুনে মিলনায়তনে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
শনিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের এই সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভার আয়োজন করা হয়। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের সম্মান জানাতে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’।
অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো কয়েকজন শহীদের পরিবারের সদস্য মঞ্চে এসে তাঁদের সন্তান ও স্বজনদের হারানোর লড়াকু দিনগুলোর স্মৃতি তুলে ধরেন। এ সময় এক শহীদ জননী তাঁর সন্তানের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁর সেই মর্মস্পর্শী বক্তব্য উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতাদের পাশাপাশি সামনের সারিতে বসা প্রধানমন্ত্রী তারেক রহমানও এই সময় নিজের অশ্রু ধরে রাখতে পারেননি। শহীদ মাতার এই আকুতি শুনে সরকারপ্রধানকে বেশ আবেগাপ্লুত এবং অশ্রুসিক্ত চোখে রুমাল দিয়ে চোখ মুছতে দেখা যায়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন