জুলাই শহীদ পরিবার ও আহতদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০১:৩৫ পিএম
জুলাই শহীদ পরিবার ও আহতদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আন্দোলনে আহত বীর যোদ্ধাদের সম্মানে বিশেষ ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রদান করা হয়েছে। শোক ও বিজয়ের ঐতিহাসিক দিনটি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ শহীদ পরিবারের সদস্য এবং আহতদের হাতে এই স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুলাই-২৪ গণ-অভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রথম স্মৃতি স্মারকটি গ্রহণ করেন। এরপর ক্রমান্বয়ে শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে গুরুতর আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।

স্মারক প্রদানকালে অনুষ্ঠানের সঞ্চালক জানান, আজ অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধি হিসেবে প্রতীকীভাবে কয়েকজন এই স্মৃতি স্মারক গ্রহণ করেছেন। তবে জুলাই স্মৃতি পরিবারের সকল সদস্যের জন্যই এই বিশেষ স্মারক সংরক্ষিত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দেশের প্রতিটি শহীদ পরিবার এবং আন্দোলনে আহতদের কাছে এই সম্মাননা স্মারক পৌঁছে দেওয়া হবে।

জেএইচআর