সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে ১৭ জেলায়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৮:১৪ এএম
সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে ১৭ জেলায়

দেশের বিভিন্ন অঞ্চলে আজ রোববার (৫ জুলাই) সকাল ৯টার মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরভিত্তিক সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে সাময়িকভাবে ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

বৈরী আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীপথে চলাচলকারী নৌযান ও নদীবন্দরগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং ১ নম্বর সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।

এএন