রাষ্ট্রপতি

আন্তর্জাতিক অঙ্গনে সেনাবাহিনীর সুনাম সুবিদিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১০:২৯ এএম
আন্তর্জাতিক অঙ্গনে সেনাবাহিনীর সুনাম সুবিদিত

আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নে ‘বাংলাদেশ নীতি’কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যার মাধ্যমে দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করে তোলা হবে।

রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনীতে রূপান্তরে সরকার অঙ্গীকারবদ্ধ। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘বাংলাদেশ নীতি’ অনুসরণ করে প্রতিরক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও আরও কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আজ আন্তর্জাতিক অঙ্গনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টও সেই গৌরবময় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

মো. সাহাবুদ্দিন বলেন, প্রচলিত নিরাপত্তা চ্যালেঞ্জের পাশাপাশি বর্তমানে সাইবার হামলা, AI-এর অপব্যবহার এবং নতুন ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলার প্রয়োজনীয়তা বেড়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এম জি