আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে দীর্ঘ ছুটি কাটানোর দুটি সুযোগ। মাঝখানে মাত্র এক দিন ঐচ্ছিক বা নৈমিত্তিক ছুটি সমন্বয় করতে পারলে দুই দফায় মোট আট দিন টানা ছুটি উপভোগ করা যাবে।
আগস্টের ছুটির তালিকা অনুযায়ী, প্রথম সুযোগটি তৈরি হচ্ছে ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটিকে কেন্দ্র করে। এর পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার কর্মদিবস থাকলেও ওই দিন এক দিনের ছুটি নিলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।
দ্বিতীয় সুযোগটি রয়েছে মাসের শেষ দিকে। ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত আছে। তবে এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে আবারও চার দিনের টানা ছুটি পাওয়া সম্ভব হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি পালন করা হয়। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ইন্টারনেট, হাসপাতালসহ জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।
এ ছাড়া ব্যাংক ও আদালতের ছুটির বিষয়ে পৃথকভাবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন