স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৯:৫০ পিএম
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। 

মঙ্গলবার এই সাক্ষাৎকালে তিনি স্পিকারের হাতে তার বিয়ের আমন্ত্রণপত্র তুলে দেন।

মঙ্গলবার রাতে সাদিক কায়েম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই সৌজন্য সাক্ষাতের তথ্য নিশ্চিত করেন। পোস্টে জানানো হয়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাদিক কায়েমের জীবনের নতুন অধ্যায়ের জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া জানিয়েছেন।

সাক্ষাৎকালে ব্যক্তিগত আলোচনার পাশাপাশি ডাকসুর বর্তমান কার্যক্রম নিয়েও কথা হয়। স্পিকার ডাকসুর বিভিন্ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং দেশের অগ্রযাত্রায় এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রত্যাশা করেন যে, আগামী দিনের বাংলাদেশের জন্য ডাকসু একটি রোল মডেল হিসেবে নিজেকে উন্নীত করবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি হাফিজ উদ্দিন আহমদ দেশের একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক।

জেএইচআর